পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী সহায়তা কেন্দ্র চালু
চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী সহায়তা সেল নামের একটি কেন্দ্র চালু হয়েছে। প্রবাসে থাকা চাঁদপুরের নারী-পুরুষদের পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আজ মঙ্গলবার থেকে এই কেন্দ্র চালু করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানকে এই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে দেশ ও বিদেশ থেকে প্রবাসীদের যেকোনো সমস্যা ০১৭১৩৩৭৩৭০৬ নম্বরে ফোন করে জানালে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
পুলিশ সুপার বলেন, চাঁদপুর জেলার বাসিন্দা যাঁরা প্রবাসে থাকেন, তাঁদের ৫০ ভাগ নারী-পুরুষের নারী নির্যাতন, স্বামী ও স্ত্রীর প্রতারণা, বিবাহ বিচ্ছেদ, হয়রানিমূলক মামলা, জমি দখল ও টাকা লেনদেনসহ বিভিন্ন সমস্যা নিয়ে থানায় ব্যাপক অভিযোগ পাওয়ায় যাচ্ছে। এসব সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন এবং বিবাহ বিচ্ছেদের সংখ্যাও প্রায় ৬০ ভাগ চাঁদপুরে বেড়েছে। এ জন্য ইতিমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন সেল নামের আরেকটি কেন্দ্র প্রায় এক মাস আগে চালু হয়েছে। সেখানে একজন নারী পুলিশ উপপরিদর্শককে দায়িত্বও দেওয়া হয়েছে।