পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার সময় দুজন আটক
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে নগদ ৫০ হাজার টাকাসহ এক কলেজছাত্র ও তাঁর সঙ্গী অপর এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুকের নির্দেশে তাঁর কার্যালয়ে দুজনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার ময়মনসিংহ পুলিশ লাইনে পুলিশের কনস্টেবল পদে লোক নেওয়া হবে। থানার পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আছিম ডিগ্রি কলেজের ছাত্র আফজাল হোসেন (১৯) ও একই গ্রামের ব্যবসায়ী আবদুল মজিদ (৪৫) ময়মনসিংহের পুলিশ সুপারের অনুমতি নিয়ে তাঁর কক্ষে রোববার দুপুরে প্রবেশ করেন। পরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে তাঁরা ৫০ হাজার টাকা ভর্তি একটি খাম ঘুষ হিসেবে পুলিশ সুপারকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সুপার দুজনকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।