পুলিশ সুপারকে হুমকি দিয়ে ছাত্রশিবিরের পোস্টারিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হককে হুমকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে আপত্তিকর পোস্টার লাগিয়েছে ইসলামী ছাত্রশিবির। জানা যায়, গত ৩১ জানুয়ারি হরতালে বগুড়ায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ সুপারকে ‘কুখ্যাত ও খুনি’ উল্লেখ করে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার পক্ষ থেকে ওই পোস্টার সাঁটা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ আপত্তিকর বেশ কিছু পোস্টার সংগ্রহ করেছে। এর আগে ১৯ ফেব্রুয়ারি বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক, ডিএমপির কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বগুড়ায় নিহত কলেজছাত্র আবদুল্লাহর বাবা আবদুল আখেরকে দিয়ে আদালতে মামলা দেওয়ায় জামায়াত-শিবির। মামলায় কলেজছাত্র আবদুল্লাহকে শিবিরের কর্মী দাবি করে পুলিশ ঠান্ডা মাথায় তাঁকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়। বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই মামলা দাখিলের পরদিনই বাদী তাঁর অভিযোগ প্রত্যাহার করে নেন। বগুড়ার পুলিশ সুপার দাবি করেন, মামলা প্রত্যাহারের পর বাদী আখের আলী তাঁকে জানিয়েছেন, জামায়াত-শিবিরের চাপে পড়েই তিনি আদালতে ওই মামলা করেছিলেন। তবে পুলিশ সুপারের দাবি প্রত্যাখ্যান করেছেন ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার প্রচার ও ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, ‘এই এসপির নির্দেশেই আমাদের তিন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। তাই আমরা তাঁর অপসারণ চেয়ে পোস্টারিং করেছি।’পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মিজানুর বলেন, ‘শিবির নয়, বরং আবদুল্লাহর বাবা নিজেই মামলাটি করেছিলেন। পরে পুলিশের চাপে মামলাটি তুলে নেন।’ এদিকে পুলিশ সুপারের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার সাঁটাসহ জামায়াত-শিবিরের একের পর এক চক্রান্তের বিষয়টি তুলে ধরে গতকাল দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার। পুলিশ সুপার বলেন, ছাত্রশিবির পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন স্থানে আপত্তিকর পোস্টার সেঁটেছে। পুলিশকে হুমকি দিয়ে এ ধরনের পোস্টার সাঁটানোর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।