পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপারের কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদককে অপমান করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ। গতকাল রোববার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এসে ভুল স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার জেলা জজ ও দায়রা আদলতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খান একটি মামলার বিষয়ে পুলিশ সুপার ফারহাত আহমদের সঙ্গে দেখা করতে যান। আলোচনার একপর্যায়ে পুলিশ সুপার তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাঁকে কার্যালয় থেকে বের করে দেন। এ ঘটনাটি আলতাফুর রহমান তাৎক্ষণিকভাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান। এ ঘটনায় সমিতি জরুরি সভার ডাক দেয়। সভায় আইনজীবীকে অপমান করার প্রতিবাদে সভা, মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।
ঘটনাটি শোনার পর জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস সমঝোতার উদ্যোগ নিয়ে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। সে সময় জেলা প্রশাসক তাঁদের বলেন, এসপি এ ঘটনার জন্য অনুতপ্ত। পরে তিনি এসপিকে সঙ্গে নিয়ে আইনজীবী সমিতির কার্যালয়ে গিয়ে আইনজীবীদের সঙ্গে বসে ঘটনাটি সমঝোতার প্রস্তাব দেন। এদিকে কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে জেলা আইনজীবী সমিতি সাধারণ সভা আহ্বান করে। সভায় জেলা প্রশাসকের প্রস্তাবে কিছুটা নমনীয় হয়ে এসপিকে তাঁর ভুল স্বীকারের সুযোগ দিয়ে সময় বেঁধে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী ও পুলিশ সুপার ফারহাত আহমদকে সঙ্গে নিয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে হাজির হন। সেখানে আলোচনা শেষে পুলিশ সুপার ফারহাত ঘটনার ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করে আইনজীবীদের কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। তাঁর অনুরোধের পর দুজনে আলিঙ্গন করেন। পরে সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আইনজীবী আলতাফুর রহমান খান ও পুলিশ সুপার ফারহাত আহমদের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী আলতাফুর বলেন, ‘এসপি সাহেব সমিতির কার্যালয়ে এসে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করায় আমরা তা মেনে নিয়েছি।’
পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অস্বস্তিতে ছিলাম। তাই দুঃখ প্রকাশ করেছি।’
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনা কোনোভাবেই জিইয়ে রাখা ঠিক নয়। তাই বিষয়টি সমঝোতার উদ্যোগ নিয়েছিলাম।’