পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও অসহযোগিতার অভিযোগ এনে বিষয়টি তদন্তে আজ বুধবার একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মৃতি রানী ঘরামীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটিকে সাবেক পুলিশ সুপারের বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ তথ্য জানা যায়। কিছুক্ষণের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

গত বছরের ৯ নভেম্বর রাতে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের লোকদের অবস্থান করতে না দেওয়ায় ইমামকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত এবং অন্তত ২০ জন আহত হন। এ ঘটনার জের ধরে ২৩ ডিসেম্বর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়।