
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের খুনের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড়া হবে না। তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।’
গত সোমবার সন্ধ্যায় মদিনার হিলটন হোটেলে সৌদি আরবপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে গত শুক্রবার সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি দেশে ফিরেছেন।
মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ কর্মকর্তার স্ত্রীর কোনো দোষ ছিল না। অথচ বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে বাচ্চার চোখের সামনেই তাঁকে খুন করা হলো। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা কোনো ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। আমরা চাই, এ ধরনের কোনো ঘটনা যেন বাংলাদেশে আর কখনো না ঘটে।’
শেখ হাসিনা বলেন, যারা একসময় বাস, ট্রেন, লঞ্চে বোমা ছুড়েছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তারাই এখন গুপ্তহত্যায় নেমেছে।
সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকসহ সৌদি আরব সফরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এ সময় বলেন, এখন থেকে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের পরিমাণ বাড়ানোর দিকেই তাঁর লক্ষ্য থাকবে। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সামনে তাঁর সরকারের নানা উন্নমূলক কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী সৌদিপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। সবার প্রতি সৌদি আরবের আইন-কানুন মেনেই সেখানে বসবাসেরও আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাতে শেখ হাসিনা সৌদি রাজকীয় আনুষ্ঠানিকতার মধ্যে মদিনায় পবিত্র মসজিদ-ই-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। একই মসজিদে তিনি এশা ও তারাবির নামাজ আদায় করেন। বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি দেশের জনগণ এবং সমগ্র মুসলিম উন্মাহর শান্তি, প্রগতি ও উন্নয়ন কামনা করেন।
শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ অন্য সফরসঙ্গীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
সৌদি আরবে পাঁচ দিনের সরকারি সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন: সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফরগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বুধবার বেলা দেড়টায় সংবাদ সম্মেলনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সফরের বিষয়ে বাংলাদেশের অর্জনসহ নানা দিক তুলে ধরবেন। একই সঙ্গে বাংলাদেশের সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেবেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান ও বুলগেরিয়া সফরে যান। সর্বশেষ গতকাল সন্ধ্যায় সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।