পুলিশ হতাহতের মামলাও দ্রুত বিচার ট্রাইব্যুনালে
জামায়াত-শিবিরের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনার সব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মামলাগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ ও দ্রুত নিষ্পত্তির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, লুটপাট ও সম্পত্তি দখলের ঘটনায় করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য মামলার সব তথ্যের সত্যায়িত কপি জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার নিশ্চিত করতে ‘সংখ্যালঘুদের ওপর সংঘটিত অপরাধ দমনসংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করতে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়ে পুলিশের ওপর হামলা মামলার এজাহার, অভিযোগপত্র, সত্যায়িত কপিসহ যথাযথ কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। মামলাগুলোর সর্বশেষ অবস্থা জরুরি ভিত্তিতে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১০ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় সরকার উদ্বিগ্ন। দ্রুত এসব ঘটনার বিচার না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ রয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জামায়াত-শিবিরের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জন সদস্য নিহত হয়েছেন। সুন্দরগঞ্জ, রংপুর, পীরগাছা, ঢাকা, গাইবান্ধা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে ১৪ জন পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশের তিনজন সদস্য, একজন আনসার ও অন্যান্য দুজন নিহত হয়েছেন। এ ছাড়া এসব ঘটনায় আহতের সংখ্যা ৭০০-এর বেশি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনার বিষয়টি অবশ্যই ভালো উদ্যোগ। তবে আমরা এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাইনি। পেলেই পরবর্তী ব্যবস্থা নেব।’