পুলিশ হতে চাওয়া তরুণটির প্রাণ গেল বখাটের ছুরিকাঘাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফি ভূঁইয়া

পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের বাছাইপর্বে উত্তীর্ণ হয়েছিলেন রাফি ভূঁইয়া (১৯)। আজ মঙ্গলবার ছিল লিখিত পরীক্ষা। এ জন্য গতকাল সোমবার সন্ধ্যার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরে খালার বাসায় যাচ্ছিলেন। পথে তিনি মেয়েদের উত্ত্যক্তকারী এক বখাটের ছুরিকাঘাতে নিহত হন।

রাফি ভূঁইয়া নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের নিয়ামুল ভূঁইয়ার একমাত্র ছেলে। উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন রাফি। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনস্টেবল নিয়োগের প্রথম পর্বের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। তাঁর নানা শফিকুর রহমান বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কোটায় তিনি কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজ জেলা পুলিশ লাইনসে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু রাফির আর পরীক্ষা দেওয়া হলো না।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আহাম্মদপুর গ্রামের বখাটে মো. প্রদীপ (২০), মো. রাফি (২১) ও শিমুল মিয়া (২০) ওই গ্রামের মেয়েদের প্রায়ই উত্ত্যক্ত করতেন। বেশ কয়েক দিন ধরে তাঁরা গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় ওই মেয়ের ভাইসহ স্থানীয় চার-পাঁচ তরুণ মো. রাফি, প্রদীপ ও শিমুলকে ডেকে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যান। কথাবার্তার একপর্যায়ে প্রদীপ কোমর থেকে ছুরি বের করেন। এ সময় স্থানীয় তরুণেরা ধাওয়া করলে প্রদীপ সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় তরুণেরা তাঁর পিছু নেন। এ সময় রাস্তায় হেঁটে আসা অবস্থায় রাফি ভূঁইয়াকে পেয়ে বুকে ছুরিকাঘাত করেন প্রদীপ। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় রাস্তায়ই তাঁর মৃত্যু হয়।

আজ বেলা ২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে নিহত রাফির চাচা রফিকুল ইসলাম ভূঁইয়াকে আহাজারি করতে দেখা যায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দীর্ঘদিন ওমানপ্রবাসী ছিলাম। ভাতিজাকে আমিই পড়াশোনা করিয়েছি। গতকাল সকালে রাফির সঙ্গে সর্বশেষ কথা হয়। তখন কনস্টেবল পদের লিখিত পরীক্ষার জন্য আমার কাছে দোয়া চেয়েছিল। আমাদের কাঁদিয়ে ভাতিজা এভাবে চলে যাবে, কোনো দিন ভাবিনি।’

নিহত রাফির বন্ধু শায়ান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রাফিসহ ছয় বন্ধু মিলে আমরা কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আজ আমরা পাঁচ বন্ধু লিখিত পরীক্ষা দিলাম। কিন্তু রাফি দিতে পারল না। রাফি অনেক ভালো ও খুবই শান্ত স্বভাবের ছিল।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, উত্ত্যক্তের ঘটনার জেরে এক বখাটের ছুরিকাঘাতে রাফি ভূঁইয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।