পুলিশ হত্যা মামলায় জামিনে মুক্ত নাদিম মোস্তফা
পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি নাদিম মোস্তফা। পরে গতকাল বুধবার আরও দুটি মামলায় জামিন পেলে তিনি ছাড়া পান।
নাদিম মোস্তফার আইনজীবী মোজাম্মেল হক বলেন, পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার হত্যা মামলায় গত রোববার তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। এ সময় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। গত মঙ্গলবারই আদালতের আদেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছান। কিন্তু তাঁর নামে আরও দুটি মামলা থাকায় মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হয়নি। গতকাল বুধবার সকালে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করা হলে ওই দুটি মামলাতেও তিনি জামিন পান। বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকেই তাঁকে মুক্তি দেওয়া হয়।
গত বছরের ২৬ ডিসেম্বর ১৮ দলের মিছিল শেষে মহানগরের রাজাহাতা এলাকায় পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে কনস্টেবল সিদ্ধার্থসহ পুলিশের নয়জন সদস্য আহত হন। তাঁদের মধ্যে সিদ্ধার্থ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে নাদিম মোস্তফাসহ বিএনপি-জামায়াতের প্রায় সাড়ে তিন শ নেতা-কর্মীর বিরুদ্ধে সিদ্ধার্থ হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। এ মামলায় নাদিম মোস্তফা ২৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। গত ২ মার্চ জামিনের মেয়াদ শেষ হয়। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ১৩ এপ্রিল নাদিম মোস্তফা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।