পুলিশ হত্যা মামলায় বিএনপির নেতা নাদিম মোস্তফা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি নাদিম মোস্তফাকে গতকাল রোববার কারাগারে পাঠিয়েছেন আদালত।
নাদিম মোস্তফার আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির বলেন, রোববার দুপুরে নাদিম মোস্তফা রাজশাহী মহানগর হাকিম আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ২৬ ডিসেম্বর ১৮ দলের মিছিল শেষে মহানগরের রাজাহাতা এলাকায় পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে কনস্টেবল সিদ্ধার্থসহ নয়জন পুলিশ আহত হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাদিম মোস্তফাসহ বিএনপি-জামায়াতের সাড়ে তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।
নাদিম মোস্তফা গত ২৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। ২ মার্চ জামিনের মেয়াদ শেষ হয়। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।