পুলিশ হত্যার আসামিরা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জের বড়কাউ গ্রামে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনা তদন্তে গতকাল রোববার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে, পুলিশের নিহত সদস্য আজিজুল ইসলামের দাফন গত শনিবার রাতে সম্পন্ন হয়েছে।পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার বড়কাউ এলাকায় গত শুক্রবার রাতে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় গাজীপুর রিজার্ভ ফোর্সের নায়েক আজিজুল ইসলাম নিহত হন। ওই ঘটনায় গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার এস এম সালাউদ্দিন ও শ্রীপুর উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।পুলিশ হত্যার ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে উপজেলার বড়কাউ গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ও র্যাব সদস্যরা সাইদুল ইসলাম, মো. শাহীন ও মোশাররফ হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করেছেন। গতকাল তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের সদস্য আজিজুল ইসলামের দাফন সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ফুলপুর প্রতিনিধি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাইশ কাহনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শনিবার রাতে তাঁকে দাফন করা হয়।