পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন, ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার আদালতে নেওয়ার পথে গত শনিবার বিকেলে পুলিশ হেফাজতে থাকা এক আসামি পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে, পলাতক ওই আসামিকে গত রোববার আবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আলমাছ মিয়া। তাঁর বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার বালিগাঁওয়ে। সাময়িক বরখাস্ত করা পুলিশ সদস্যরা হলেন মো. শাহজাহান ও মো. মঈনুল ইসলাম। তাঁরা কমলগঞ্জ থানায় কর্তব্যরত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, বন আইনে করা একটি মামলার আসামি আলমাছকে গত শনিবার দুপুরে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন আরেকটি মামলার আসামি উপজেলার রামপাশা গ্রামের খন্দকার আতিককে গ্রেপ্তার করা হয়। দুজনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আদালতে নিয়ে যাচ্ছিলেন ওই দুই পুলিশ সদস্য। কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট ধলাই সেতু এলাকা থেকে আলমাছ পালিয়ে যান। রোববার রাত আটটার দিকে উপজেলার রাজটিলা এলাকা থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।