পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন দুই কনস্টেবল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ হেফাজতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি গতকাল শনিবার ভোরে পালিয়ে গেছেন। এ ঘটনায় দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের আবদুল খালেকের দায়ের করা একটি মামলার আসামি আমিনুল ইসলামকে (৩৫) গত বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোর সাড়ে চারটার দিকে আমিনুল গুরুতর অসুস্থতার ভাণ করে তাঁকে জরুরি বিভাগে নেওয়ার জন্য পাহারারত পুলিশ কনস্টেবলদের অনুরোধ করেন। পরে জরুরি বিভাগে নেওয়ার সময় তিনি কৌশলে পালিয়ে যান। এ সময় তাঁর হাতকড়া পরানো ছিল না। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে কনস্টেবল আবদুল আজিজ ও জাফর ইকবালকে দুপুরে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এ ছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।