পুলিশ হেফাজত থেকে দুই আসামি ছিনতাই নারীসহ গ্রেপ্তার ৮
নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল আহত হয়েছেন। জেলা শহরের কৃষ্ণরামপুর এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক দুটি মামলা করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বোরহান উদ্দিন, সলিম উল্লা, সাহাব উদ্দিন, মো. মিলন, মোতালেব হোসেন, শাহজাদী বেগম, বিবি ফাতেমা ও বিবি আয়েশা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী মোস্তফা কামালকে (৩৮) কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা আবু তাহের ও তাঁর সহযোগীরা তাঁদের এলাকায় নিয়ে আটকে রাখেন।এ ব্যাপারে মোস্তফার এক ভাই সুধারাম থানায় লিখিত অভিযোগ করেন। এরপর রাত নয়টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে মোস্তফাকে উদ্ধার এবং আবু তাহের ও বাবুল নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে থানায় নেওয়ার পথে তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই জয়দেব কুমার এবং দুই কনস্টেবল আবদুর রব ও মো. শাহজাহান আহত হন। জয়দেবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশের ওপর হামলার ঘটনায় আবু তাহের ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হলে ওই রাতেই পুলিশ কৃষ্ণরামপুর এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।