পুলিশ হেফাজত থেকে পালাল কিশোর
গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের এক কিশোর পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। আজ মঙ্গলবার বিকালে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পালিয়ে যায় সে।
পালিয়ে যাওয়া কিশোরের নাম রতন মিয়া (১৪)। সে গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকার।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গী এলাকায় একটি চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছু দিন আগে আদালত তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান। আজ সকালে কিশোর রতনকে টঙ্গী থানা পুলিশ একটি মামলায় হাজিরা দিতে গাজীপুর আদালতে নিয়ে যান। আদালত থেকে ফের তাকে বিকালে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে যাওয়ার পথে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রবেশের সময় রতন কৌশলে পুলিশের হাত থেকে ফসকে দৌড়ে পালিয়ে যায়।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম জানান, ঘটনাটি কেন্দ্রের ভিতরে নয় বাহিরে ঘটেছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘পালিয়ে যাওয়া কিশোরকে ধরতে অভিযান চালানো হচ্ছে।’