পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা থানা-পুলিশের হেফাজতে নুর মোহাম্মদ মুন্সী (৩৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার তালমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নুর মোহাম্মদ মুন্সী নগরকান্দা উপজেলার দক্ষিণ বিল নালিয়া গ্রামের বাসিন্দা।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বিলনালিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুর মোহাম্মদ মুন্সী ও তাঁর ভাই নুরুল ইসলাম মুন্সীকে (৩০) গ্রেপ্তার করেন।
নুর মোহাম্মদ মুন্সীর মা হাজেরা বেগম অভিযোগ করেন, পুলিশ তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করার পর বাদীপক্ষের লোকজন পুলিশের সামনে মারধর করায় নুর মোহাম্মদ আহত হন।
অভিযোগ অস্বীকার করে এসআই ফরহাদ হোসেন বলেন, আসামিদের ওপর বাদীপক্ষের কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁদের গ্রেপ্তার করে নগরকান্দা নিয়ে যাওয়ার পথে তালমা বাজার এলাকায় নুর মোহাম্মদ মুন্সী অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, রাতে পুলিশ দুজনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে একজন মৃত অবস্থায় ছিল।
নগরকান্দা থানার ওসি মো. আফসার উদ্দিন বলেন, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে। এই জিডির বলে মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, নুর মোহাম্মদের ভাই নুরুল ইসলাম মুন্সীকে গতকাল শুক্রবার সকালে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।