জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের হেফাজতে নির্যাতনে এক আসামির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে গতকাল সোমবার মৃত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তবে পুলিশ বলছে, আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
ওই ব্যক্তির নাম আবুল হাশেম। তিনি স্ত্রী হত্যা মামলার আসামি ছিলেন। গত রোববার ঢাকা থেকে গ্রেপ্তার করে তাঁকে সরিষাবাড়ী থানা হেফাজতে দেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছর ছয় আগে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের আবুল হাশেম নরসিংদীর লাকী বেগমকে বিয়ে করেন। কিন্তু যৌতুক নিয়ে দুজনের মধ্যে কলহ শুরু হয়। এর জের ধরে হাশেম স্ত্রীকে নির্যাতন করতেন। গত ১৪ এপ্রিল পুলিশ লাকীর ফাঁস লাগানো লাশ উদ্ধার করে। গত রোববার লাশের ময়নাতদন্ত প্রতিবেদন সরিষাবাড়ী থানায় পৌঁছায়। এতে লাকীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় রোববার সরিষাবাড়ী থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে হাশেম ও তাঁর মা হাচু বেওয়াকে আসামি করে হত্যা মামলা করেন। এদিন ঢাকার গুলশান থেকে হাশেমকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানায় পাঠানো হয়। থানা-হাজতে ভোর সাড়ে চারটার দিকে আত্মহত্যার চেষ্টা করেন হাশেম। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থা গুরুতর হলে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুপুরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, হাশেম হাসপাতালে মারা গেছেন। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন দাবি করেন, ‘আসামি হাশেম হাসপাতালে মারা গেছেন। আমরা কোনো নির্যাতন করিনি।’