পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ
শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশি হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামি মারা গেছেন। পরিবারের সদস্যদের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আজাহার উদ্দিন (৫৫)। তিনি উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা গ্রামের বাসিন্দা।
নিহতের আত্মীয়স্বজন ও এলাকাবাসী আজ শুক্রবার সকালে পৌর শহরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ভিজিএফের চাল ও ত্রাণসামগ্রী বিতরণী অনুষ্ঠানে ঢোকে। বিক্ষোভকারীরা লাশ মঞ্চে তুলে বিক্ষোভ শুরু করে। পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
নিহত আজাহার উদ্দিনের ছেলে সুরুজ আলীর ভাষ্য, ‘বুধবার বাবাকে রিমান্ডে নেওয়া হয়। বাবাকে যাতে নির্যাতন না করা হয় সেজন্য পুলিশকে ১৭ হাজার টাকা দিতে হয়েছে। কিন্তু রাতে থানায় খাবার দিতে গিয়ে দেখতে পাই বাবাকে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে। এ সময় আমাকে থানা থেকে বের করে দেয়। সকালে শুনি বাবা মারা গেছে।’
নিহতের স্ত্রী সালেহা বেগম বলেন, ‘পুলিশরা আমার স্বামীরে নির্যাতন কইরা মাইরা হালাইছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
পুলিশ জানায়, উপজেলার সন্নাসীভিটা গ্রামের রহিম হত্যা মামলার আসামি হিসেবে আজাহার উদ্দিনকে গত বুধবার থানায় রিমান্ডে নেওয়া হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে আজাহার উদ্দিনের বুকে ব্যথা হয়। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক আজাহারকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার সময় তিনি হাসপাতালে যান। এ সময় রোগীর শ্বাসপ্রশ্বাস বন্ধ ছিল। তাই চিকিত্সা দেওয়ার সুযোগ হয়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, আজাহার উদ্দিনের বুকে ব্যথা হলে দ্রুত তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেবুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দারকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।