পুলিশের হেফাজতে সম্প্রতি তিনজনের মৃত্যুর ঘটনা গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উঠলেও এ বিষয়ে খুব বেশি আলোচনা হয়নি। কমিটির সদস্য জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বৈঠকে বিষয়টি তুলেছিলেন। বৈঠক সূত্রে এসব জানা গেছে। জাতীয় সংসদ ভবনে কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুস সালাম। বৈঠক সূত্র জানায়, পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনাটি বৈঠকে উঠলে তা নিয়ে অল্প আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ বিষয়ে কোনো কথা বলেননি। সভায় এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা কমিটিকে জানানোর জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলা হয়েছে।বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য হুইপ মির্জা আজম, মো. হাবিবর রহমান, মো. নূরুল ইসলাম, সানজিদা খানম এবং মো. সফিকুল ইসলাম। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও আইজিপি নূর মোহাম্মদ বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটির বিরোধীদলীয় সদস্য জমির উদ্দিন সরকার সভায় অনুপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি পুলিশ হেফাজতে তিনজনের মৃত্যুর ঘটনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।