রাজধানীর পল্লবী থানার পুলিশের হেফাজতে গতকাল রোববার সকালে মো. জনি (২৬) নামের এক যুবক মারা গেছেন। পুলিশ বলেছে, সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে জনির পরিবারের অভিযোগ, পুলিশ জনিকে পিটিয়ে হত্যা করেছে।
জনির শ্যালক পাপ্পু জানান, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে আটকে পড়া পাকিস্তানিদের ইরানি ক্যাম্পে জনির বন্ধু বিল্লালের গায়েহলুদের অনুষ্ঠানে পল্লবী থানার পুলিশ ঢোকে। পুলিশ কোনো কারণ ছাড়াই সেখানে লাঠিপেটা শুরু করলে জনিসহ পাঁচজন আহত হন। পুলিশ সেখান থেকে ওই পাঁচজনকে আটক করে পল্লবী থানায় নিয়ে যায়।
পাপ্পু জানান, জনির বাবা মৃত মোস্তফা কামাল। তিনি পেশায় গাড়িচালক এবং ইরানি ক্যাম্পেই থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।
অবশ্য পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোর কাছে দাবি করেন, ওই বিয়েকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রহমত ক্যাম্প ও ইরানি ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি জিয়াউদ্দিন আরও জানান, গতকাল সকালে তাঁদের মধ্যে জনির বুকে ব্যথা শুরু হয়। অবস্থার অবনতি হলে থানাহাজত থেকে জনিকে প্রথমে মিরপুরে জাতীয় হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে জনি মারা যান।
ওসি দাবি করেন, জনিকে পুলিশ পেটায়নি। দুই ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সময় তিনি আহত হয়েছিলেন।
কিন্তু জনির স্বজনেরা জানান, দুই ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে কোনো সংঘর্ষই হয়নি।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে জনির লাশের ময়নাতদন্ত হয়। মর্গ সূত্র জানায়, তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।
জনির মৃত্যুর খবরে বেলা একটার পর ইরানি ক্যাম্পের বাসিন্দারা মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা পুলিশের বিরুদ্ধে জনিকে হত্যার অভিযোগ এনে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।
পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।