পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পুলিশ হেফাজতে দ্বীন ইসলাম ওরফে দীনা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দ্বীন ইসলাম নরসিংদী শহরের পশ্চিম ভেলানগর এলাকার আবদুর রহমানের ছেলে। 

পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে পালানোর সময় গণপিটুনিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে দ্বীন ইসলামের মৃত্যু ঘটে। তবে দ্বীন ইসলামের পরিবারের অভিযোগ, তাঁকে ঘুম থেকে তুলে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে পুলিশের দাবি করা পাঁচ লাখ টাকা দিতে না পারায় দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি একটি ডাকাতির ঘটনায় ইসমাইল মিয়া নামের একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলামের নাম উঠে আসে। আজ বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল দ্বীন ইসলামকে তাঁর বাড়ি থেকে আটকের সময় পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর সহায়তায় তাঁকে গ্রেপ্তারের সময় গণপিটুনিতে আহত হন দ্বীন ইসলাম। পরে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
তবে দ্বীন ইসলামের মা সাবিয়া বেগম সাংবাদিকদের বলেন, ‘ভোর ছয়টা দিকে ডিবি পুলিশ দ্বীন ইসলামকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। আর যাওয়ার সময় পাঁচ লাখ টাকা নিয়ে ডিবি অফিসে যেতে বলে। না হলে ছেলের মুখ নাকি দেখতে পারব না। পরে ডিবি অফিসে গেলেও সারা দিন আমাদের ঢুকতে দেয়নি।’
ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার টাকা চাওয়ার বিষয় অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দ্বীন ইসলাম হত্যা, ডাকাতিসহ মোট সাত–আটটি মামলার আসামি। তাঁকে ধরতে বাসায় গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। তখন এলাকাবাসী ধরে পিটুনি দেয়। পরে আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দিই। আর চিকিৎসাধীন অবস্থায় দ্বীন ইসলাম মারা গেছেন।’
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম এন মিজানুর রহমান বলেন, ডান পায়ে হাড় ভেঙে গেছে। এ ছাড়া হাতে, বুকেসহ শরীরের বিভিন্ন অংশে সামান্য জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তবে কোন আঘাতে মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্তের পর বলা যাবে।