পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, এসআই প্রত্যাহার
রাজধানীর পল্লবী থানার পুলিশের হেফাজতে গতকাল রোববার সকালে মো. জনি (২৬) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
এদিকে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকের আটকে পড়া পাকিস্তানিদের ইরানি ক্যাম্পের বাসিন্দারা সড়ক অবরোধ করে দুপুরে বিক্ষোভ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, জনির মৃত্যুর ঘটনায় এসআই জাহিদকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবির ব্যাপারে পল্লবী অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখার আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পল্লবী থানার পুলিশের হেফাজতে গতকাল সকালে মারা যান জনি। পুলিশ বলেছে, সকালে তিনি হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে জনির পরিবারের অভিযোগ, পুলিশ জনিকে পিটিয়ে হত্যা করেছে।
জনির শ্যালক পাপ্পু জানান, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইরানি ক্যাম্পে জনির বন্ধু বিল্লালের গায়েহলুদের অনুষ্ঠানে পল্লবী থানার পুলিশ ঢোকে। পুলিশ কোনো কারণ ছাড়াই সেখানে লাঠিপেটা শুরু করলে জনিসহ পাঁচজন আহত হন। পুলিশ সেখান থেকে ওই পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পাপ্পু জানান, জনির বাবা মৃত মোস্তফা কামাল। তিনি পেশায় গাড়িচালক এবং ইরানি ক্যাম্পেই থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।
অবশ্য পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোর কাছে দাবি করেন, ওই বিয়েকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রহমত ক্যাম্প ও ইরানি ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি জিয়াউদ্দিন আরও জানান, গতকাল সকালে জনির বুকে ব্যথা শুরু হয়। অবস্থার অবনতি হলে থানা হাজত থেকে জনিকে প্রথমে মিরপুরে জাতীয় হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে জনি মারা যান।
ওসির দাবি, জনিকে পুলিশ পেটায়নি। দুই ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সময় তিনি আহত হয়েছিলেন। তবে জনির স্বজনেরা জানান, দুই ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে কোনো সংঘর্ষই হয়নি।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে জনির লাশের ময়নাতদন্ত হয়। মর্গ সূত্র জানায়, তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।