পুলিশই জনগণ, জনগণই পুলিশ : ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশই জনগণ, জনগণই পুলিশ। পুলিশ জনগণের নিরাপত্তা দেবে, শৃঙ্খলার মধ্যে রাখবে। পুলিশ জনগণকে হয়রানি করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
রাজধানীর নিউমার্কেটের গাউছিয়া মোড়ে আজ সোমবার দুপুরে বিট পুলিশিং সমাবেশ-২০১৬ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
নিউমার্কেট থানা-পুলিশের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে রাজধানীকে সম্পূর্ণ নিরাপদ নগর হিসেবে গড়ে তোলা হবে। নগরের দুই কোটি মানুষের সঙ্গে পুলিশ ওয়ান টু ওয়ান কথা বলবে।
ডিএমপি কমিশনার বলেন, বিটের কর্মকর্তারা সব নাগরিকের কাছে যাবে, তাদের সমস্যার কথা শুনবে এবং তাদের বিপদে সহায়তা করবে। নগরের সব বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও ব্যবসায়ীসহ সবার তথ্য সংগ্রহের কাজ চলছে। নগরের সব নাগরিকের তথ্য সংশ্লিষ্ট থানায় থাকলে অপরাধ করতে ভয় পাবে অপরাধীরা।
আছাদুজ্জামান মিয়া বলেন, নাগরিকদের দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। এ তথ্য শুধু অপরাধী খুঁজে বের করার জন্য ব্যবহৃত হবে। এ তথ্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সাংবাদিকসহ কাউকে দেওয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহাম্মদ মারুফ হাসান, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার।