‘গাড়ি ছাড়ানের লাইগা আমার স্বামী থানায় ঘোরাঘুরি করতাছিল, দারোগারে ৭০ হাজার ট্যাকা দিছে। সেই দারোগাই হ্যারে ধরছে। হ্যায় পুলিশের কাছ থিকা দৌড়ায়া পালাইব ক্যান?’ রাজধানীর রমনা পুলিশের হেফাজতে অটোরিকশাচালক বাবুল গাজীর (৪০) মৃত্যু নিয়ে তাঁর স্ত্রী সুভা আক্তার গতকাল প্রথম আলোকে এ কথা বলেন।গত সোমবার রমনা থানা পুলিশের হেফাজতে মৃত্যু হয় বাবুল গাজীর। এরপর গত শনিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাই গাড়িসংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান বাবুল গাজী। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া তাঁর মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।এদিকে বাবুলের মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করে মহানগর পুলিশ। এই কমিটির প্রধান পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। অচিরেই প্রতিবেদন দেওয়া হবে।’তবে অভিযুক্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন এখনো কর্তব্য পালন করছেন বলে গতকাল জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলি নোমান।বাবুলের স্ত্রী ও এলাকাবাসী জানান, ছয় মাস আগে অটোরিকশা চালানো শুরু করেন বাবুল। এরপর তিনটি অটোরিকশা এক বছরের চুক্তিতে ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। গত ১৭ জুন চোরাই হিসেবে তিনটি অটোরিকশাসহ পাঁচজনকে আটক করে রমনা থানায় মামলা দেন র্যাব সদস্যরা। এই তিনটির মধ্যে একটি ছিল বাবুলের ভাড়া নেওয়া অটোরিকশা (ঢাকা মেট্রো থ-১৩-০০৪১)। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে দুজন বাবুলের গাড়ি চালাতেন। আর সেই গাড়ি ও চালকদের ছাড়াতে গত ১৮ জুন থেকে বাবুল থানায় ঘোরাঘুরি শুরু করেন। বাবুলের স্ত্রী সুভার দাবি, মামলা হালকা করা, গ্রেপ্তার হওয়া চালকদের রিমান্ডে মারধর না করার জন্য বাবুল চার দফায় তদন্তকারী এসআই আলতাফ হোসেনকে ৭০ হাজার টাকা দেন। আলতাফের দাবি ছিল, তাঁকে দুই লাখ টাকা দিলে গাড়িসহ চালকদের ছেড়ে দেবেন। ঘটনার দিনও বাবুল ২০ হাজার টাকা দেওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু ওই দিন টাকা না দিয়েই তিনি সন্ধ্যার দিকে বাড়ি চলে আসেন। এরপর রাতে বাড়ি থেকে বের হলে মধুবাগ মাঠের পাশ থেকে তাঁকে পুলিশ ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর কয়েকজন এসে সুভাকে তাঁর গ্রেপ্তারের খবর দেয়।এর পরের ঘটনা বর্ণনা করে সুভা আক্তার বলেন, ‘খবর শুইনা আমি বেলা সাড়ে ১১টার দিকে থানায় যাই। থানায় থাকা পুলিশরে জিগাইলে হ্যারা স্বীকার করে যে বাবুলরে ধরছে। একজন কয় আপনি ঢাকা মেডিকেলে যান। ‘আমি ঢাকা মেডিকেলে আইলে, দারোগা আলতাফ আমারে ডোমঘরে বাবুলরে দেখাইতে নিয়া যায়। দেইখা আমি চিক্কুর পাইড়া পইড়া যাই।‘দারোগায় আমারে আবারও ঘুইরা থানায় নিয়া আসে। আমারে দুই লাখ ট্যাকা সাধছে। কয় আমার পোলাপাইনরেও দেখব। একটা কাগজে সিগনেচার করতে কয়। আমি কইছি, আমার গার্জিয়ান আছে, আমি সিগনেচার দিমু না। আমার স্বামীর ফোন ছিল দারোগার কাছে। সেই ফোন নিয়া আমি আত্মীয়দের ফোন করি। হ্যার পরে আমরা সবাই মিল্ল্লা মেডিকেলে চইল্ল্লা আসি। তয় তার পকেটে থাকা ২০ হাজার টাকা দেয় নাই দারোগা।’স্ত্রী সুভা ও নিহত বাবুলের বোন সেতারার অভিযোগ, বাবুলকে ধরে মধুবাগ ফাঁড়িতে নিয়ে মারধর করেন এসআই আলতাফ। সে কারণেই তাঁর মৃত্যু হয়।