পুলিশকে আরও জনবান্ধব হতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণ সমাজ গড়তে কমিউনিটি পুলিশিংকে আরও জোরদার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ঔপনিবেশিক আমলের ধ্যানধারণার পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে একাত্ম হয়ে পুলিশের সেবাকে আরও জনবান্ধব করতে হবে।’
গতকাল সোমবার রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের প্রতি অকুণ্ঠচিত্তে সেবার হাত প্রসারিত করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০০৯ সালে সরকার গঠনের পর পুলিশকে আধুনিক ও জনবান্ধব করে তুলতে বহুমুখী পদক্ষেপ নিয়েছি।’
সন্ত্রাস-জঙ্গিবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ ও উন্নয়নের প্রধান বাধা হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, সম্প্রতি হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা মোকাবিলায় চার পুলিশ সদস্য আত্মোৎসর্গ করেছেন। এই আত্মত্যাগের বিনিময়ে অসংখ্য প্রাণ রক্ষা পেয়েছে।
প্রধানমন্ত্রী জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের সাফল্য প্রসঙ্গে আরও বলেন, সম্প্রতি আশুলিয়ার আশকোনা ও মিরপুরের কল্যাণপুরে পুলিশ জঙ্গিবিরোধী বিশেষ অভিযান সফলভাবে পরিচালনা করেছে। পুলিশ জঙ্গি হামলার পরিকল্পনাকারী, অস্ত্রদাতা, প্রশিক্ষক ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘শুধু দেশেই নয়, প্রায় দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে নিজেদের কর্মদক্ষতা ও পেশাদারির পরিচয় দিয়ে বহির্বিশ্বে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চারটি ক্যাটাগরিতে ১৩২ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ দেন। ২০১৬ সালের মরণোত্তর পুলিশ পদক বিপিএম পান হলি আর্টিজানে হামলায় নিহত পুলিশ সদস্য রবিউল ইসলাম ও মো. সালাউদ্দিন খান। তাঁদের স্ত্রীরা এ পদক গ্রহণ করেন। সেই সঙ্গে শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রতিরোধের সময় নিহত পুলিশ সদস্য জহীরুল ইসলামের পক্ষে তাঁর স্ত্রী ও আনসারুল হকের পক্ষে তাঁর মা মরণোত্তর পুলিশ পদক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এত বিপুলসংখ্যক পদক আর কখনো দেওয়া হয়নি। এ পদক কাজের স্বীকৃতির পাশাপাশি আপনাদের ভবিষ্যতে আরও পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি আপনারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হবেন।’
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার ও ‘রাজারবাগ-৭১’ নামের আবক্ষ মূর্তির নামফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী এবং প্যারেড কমান্ডার পুলিশ সুপার শামসুন্নাহারকে সঙ্গে করে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।