পুলিশকে আসামি না করার জন্য বাদীকে চাপ সৃষ্টির অভিযোগ
দিনাজপুরের কাহারোল উপজেলার ঘাসিয়ারা গ্রামে ৩ মে ভোরে ডাকাতির ঘটনার ছয় দিন পর কাহারোল থানায় মামলা হয়েছে। গত সোমবার ডাকাতির শিকার হওয়া পরিবারের গৃহকর্তা প্রিয়নাথ দেবনাথ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের ১৫-২০ জনকে আসামি করে ওই মামলা করেন।এদিকে বহুল আলোচিত ওই ডাকাতির মামলায় পুলিশকে আসামি না করার জন্য স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল বাদীকে চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বাদী প্রিয়নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাবু, সবই তো বুঝতে পারছেন। কী আর বলব, উপায় ছিল না।’চাপ সৃষ্টির অভিযোগ অস্বীকার করে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘ডাকাতির শিকার হওয়া পরিবারকে আমি বলেছি—যাঁরা ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে মামলা করো। যদি পুলিশও হয়, তাতে কোনো ভয় নেই।’এর আগে গত শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাকাতদের হামলায় আহত পরিবারের অন্যতম সদস্য ডা. রাজেন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেছিলেন, ডাকাতির ঘটনার পরের দিন ৪ মে সাংসদ মনোরঞ্জন শীল বিদেশ থেকে ফোন করে দেশে আসার পর আলোচনা করে মামলা করতে বলেছিলেন। এর আগে মামলা করলে পুলিশকে যেন আসামি করা না হয়, এ ব্যাপারেও তিনি নির্দেশ দেন।বিদেশ থেকে ফোন করার বিষয়টি স্বীকার করে গতকাল মঙ্গলবার মনোরঞ্জন শীল বলেন, তিনি ওই সময় সরকারি সফরে কুয়েতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি রাজেন্দ্র ও প্রিয়নাথ দেবনাথের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন।এদিকে গতকাল মামলার বাদী প্রিয়নাথ দেবনাথের ছেলে বলেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর দেবনাথ জানান, ডাকাতি করে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাতদের ফেলে যাওয়া গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি চায়নিজ রাইফেল গতকাল ভোরে স্থানীয় জনতা তাঁর হাতে দেয়। ওই দিন বিকেলেই তিনি সেগুলো জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন বিষয়টি স্বীকার করেছেন।এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. আনিছুর রহমান জানান, ওই রাইফেলটি বীরগঞ্জ থানার এক কনস্টেবলের। রাইফেলটি জেলা প্রশাসকের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে।উল্লেখ্য, ৩ মে উপজেলার ঘাসিয়ারা তাঁতীপাড়া গ্রামের প্রিয়নাথ দেবনাথের বাড়িতে ডাকাতি করে মাইক্রোবাসে করে পালানোর সময় স্থানীয়রা একটি বাজারের কাছে মাইক্রোবাসটি আটক করে। জনতার সঙ্গে মাইক্রোবাসে থাকা সাদা পোশাকধারী ব্যক্তিদের সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা বীরগঞ্জ থানার চার কর্মকর্তাসহ আট পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে বীরগঞ্জ থানার ওসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।