পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা ও আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যায় জড়িতদের গণতন্ত্র, মানবতা ও সভ্যতার শত্রু হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পুলিশ সপ্তাহ-২০১৫ পালনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, যানবাহনে পেট্রলবোমা ছুড়ে ও আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করায় দেশবাসীর সঙ্গে তিনিও গভীরভাবে মর্মাহত। সাম্প্রতিক সময়ে পেট্রলবোমা ও অন্যান্য সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী প্রয়োজন। জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে পুলিশ সদস্যদের সক্রিয় থাকতে হবে। অপরাধীদের দমন ও আইনের কাছে সোপর্দ করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের যথাযথ তদন্তে তাঁদের সক্রিয় থাকতে হবে।