পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার লাহুরী এলাকায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত চার পুলিশের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।থানা-পুলিশ সূত্রে জানা যায়, হত্যা ও ডাকাতি মামলার আসামি লাহুরী এলাকার সোবাহানকে ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ সদস্যরা। হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়া লাগানো অবস্থায় সোবাহানকে ছিনিয়ে নেয়। পুলিশ পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও সোবাহানকে ধরতে পারেনি।আহত ব্যক্তিরা হলেন: জিয়ানগরের ইন্দুরকানী থানার পাড়েরহাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সান্টু রঞ্জন, সহকারী উপপরিদর্শক আবুল বাশার, পুলিশ সদস্য (কনস্টেবল) আবদুল জলিল ও আলমগীর হোসেন। পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ জানান, ডাকাতের কোপে পুলিশ সদস্যদের জখম গুরুতর। আহত উপপরিদর্শক সান্টু রঞ্জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য আবদুল জলিল জানান, হত্যা ও ডাকাতি মামলার ওই আসামিকে ধরতে তাঁরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাহুরী এলাকায় যান। সোবাহানকে ধরার পর হাতকড়া লাগানো হয়। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। চিৎকার শুনে সোবাহানের সহযোগীরা একত্র হয়ে পুলিশ সদস্যদের কোপাতে থাকেন। জিয়ানগরের ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সোবাহানের বিরুদ্ধে পিরোজপুর, জিয়ানগর, ভান্ডারিয়া ও মোড়লগঞ্জ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।