পুলিশকে গণপিটুনি দিয়ে আসামি ছিনতাই গ্রেপ্তার চার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশকে গণপিটুনি দিয়ে মাদকসহ গ্রেপ্তার করা এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায় এলাকাবাসী। পিটুনিতে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজীসহ আহত হন পুলিশের পাঁচ সদস্য। গত মঙ্গলবার রাতে জাঙ্গালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় খাগকান্দা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাসির সিরাজীর নেতৃত্বে সাদা পোশাকের একদল পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আলাউদ্দিনের দুই মেয়ে এগিয়ে এসে পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে এবং ডাকাত বলে চিৎকার দেয়। এলাকার লোকজন ছুটে এসে পুলিশ সদস্যদের আটক করে পিটুনি দেয়। সুযোগ বুঝে আলাউদ্দিন হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের উদ্ধার করেন। আহত এসআই নাসির সিরাজী, পুলিশ সদস্য মাসুদ খান, রবিউল ইসলাম এবং জহিরুল ইসলামকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এসআই নাসির সিরাজী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ দেড় শতাধিক লোককে আসামি করে মামলা করেছেন। পালিয়ে যাওয়া আসামি আলাউদ্দিনসহ ওবায়দুল, আমানউল্লাহ ও আরিফ নামের চার ব্যক্তিকে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।