পুলিশকে ঘুষ থেকে দূরে থাকার পরামর্শ
মানুষের সঙ্গে ভালো আচরণ করা এবং পুলিশকে ঘুষ থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম। পুলিশকে জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় দুস্থ ব্যক্তিদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি।
কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম জেলার উদ্যোগে দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে পটিয়া থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারের সভাপতিত্বে এবং পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেফায়েত উল্লাহ চৌধুরী, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ প্রমুখ।
হাফিজ আক্তার বলেন, অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। তাকে গ্রেপ্তার করতে হবে। না হয় ওসির চাকরি থাকবে না।