পুলিশকে ঘুষ দিয়েও খুশি মানুষ, বেশি নেয় রমনা থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

পুলিশের আচরণে সেবাগ্রহীতাদের অর্ধেকই সন্তুষ্ট। এমনকি যারা ঘুষ দিয়ে সেবা নিয়েছেন, তাঁরাও সন্তোষ প্রকাশ করেছেন। সবচেয়ে বেশি ঘুষ নিয়েছে রমনা থানার পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস কর্মসূচি’র এক গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ঢাকা মহানগর পুলিশের সেবায় জনগণের সন্তুষ্টি’ নিয়ে গবেষণাকর্মের প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করা হয়।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস কর্মসূচির পরিচালক এ আই মাহবুব উদ্দিন আহমেদ এ গবেষণা পরিচালনা করেন। ৬১৭ জন ব্যক্তিকে নমুনা হিসেবে ধরে পুরো ঢাকা মহানগর পুলিশের সেবার বিভিন্ন খাতকে চিত্রিত করা হয়েছে গবেষণায়।
গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়, ৪৯ দশমিক ৯ শতাংশ লোক পুলিশের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। ৩১ দশমিক ১ শতাংশ সেবাকে যুক্তিসংগত মনে করেন এবং ১৯ শতাংশ মনে করেন পুলিশি সেবা অত্যন্ত নিম্নমানের। সেবাগ্রহীতাদের ২২২ জন থানায় গিয়েছিলেন সাধারণ ডায়েরি করার জন্য। গবেষণার ফলে দেখা গেছে, ২৮১ জনই পুলিশকে ঘুষ দিয়েছেন, যাঁদের ২৬৯ জন দিয়েছেন সরাসরি, ২০ জন দালালের মাধ্যমে এবং ১৮৪ জন অনিচ্ছায়। মামলা দায়েরের ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

থানায় ঘুষ নেওয়ার প্রবণতা সম্পর্কে বলা হয়, জরিপে যাঁরা মতামত দিয়েছেন তাঁদের সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে রমনা থানায়। এ থানায় সেবাগ্রহীতাদের ৯১ দশমিক ৭ শতাংশকে ঘুষ দিতে হয়েছে।

গবেষণায় বলা হয়, আটককৃতদের সঙ্গে সাক্ষাত্ করার সুযোগ, মামলা তদন্তের অগ্রগতি জানতে চাওয়া, পাওনা টাকা ফেরত আনা এবং মামলা দায়েরের ক্ষেত্রে পুলিশ ঘুষ নিয়ে থাকে। 

গবেষণা প্রকাশ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, গবেষণা থেকে দেখা যায়, ‘পাঁচটি বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ জনগণের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছেন।’

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘বল প্রয়োগের চিন্তা বা ধ্যানধারণা নিয়ে পুলিশ এখন কাজ করে না। পুলিশ এখন সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে।’

ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘গত দেড় দশকে গণতন্ত্র দেশে সুদৃঢ় ভিত্তি স্থাপন করতে সমর্থ হয়েছে। একই সঙ্গে পুলিশও অতীতের তুলনায় অনেক বেশি গণমুখী হয়েছে।’

সমাজবিজ্ঞান বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কে এ এম সাদ’উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য দেন। অনুষ্ঠানে  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।