পুলিশকে ঘুষ দিয়েও খুশি সেবাগ্রহীতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের আচরণে সেবাগ্রহীতাদের অর্ধেকই সন্তুষ্ট। এমনকি যাঁরা ঘুষ দিয়ে সেবা নিয়েছেন, তাঁরাও সন্তোষ প্রকাশ করেছেন। সবচেয়ে বেশি ঘুষ নিয়েছে রমনা থানার পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস কর্মসূচি’র এক গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ঢাকা মহানগর পুলিশের সেবায় জনগণের সন্তুষ্টি’ নিয়ে গবেষণাকর্মের প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করা হয়।
ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস কর্মসূচির পরিচালক এ আই মাহবুব উদ্দিন আহমেদ এ গবেষণা পরিচালনা করেন। ৬১৭ জন ব্যক্তিকে নমুনা হিসেবে ধরে পুরো ঢাকা মহানগর পুলিশের সেবার বিভিন্ন খাতকে চিত্রিত করা হয়েছে গবেষণায়।
গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়, ৪৯ দশমিক ৯ শতাংশ পুলিশের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। ৩১ দশমিক ১ শতাংশ সেবাকে যুক্তিসংগত মনে করেন এবং ১৯ শতাংশ মনে করেন পুলিশি সেবা অত্যন্ত নিম্নমানের। সেবাগ্রহীতাদের ২২২ জন থানায় গিয়েছিলেন সাধারণ ডায়েরি করার জন্য। ২৮১ জনই পুলিশকে ঘুষ দিয়েছেন, যাঁদের ২৬৯ জন সরাসরি পুলিশকে ঘুষ দিয়েছেন, ২০ জন দিয়েছেন দালালের মাধ্যমে। ১৮৪ জন ঘুষ দিয়েছেন অনিচ্ছায়। মামলা দায়েরের ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
থানায় ঘুষ নেওয়ার প্রবণতা সম্পর্কে বলা হয়, জরিপে যাঁরা মতামত দিয়েছেন, তাঁদের সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে রমনা থানায়। এ থানায় সেবাগ্রহীতাদের ৯১ দশমিক ৭ শতাংশকে ঘুষ দিতে হয়েছে।