পুলিশকে ঘুষ দেওয়া জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জমি ‘ঘুষ’ দিয়ে আলোচিত বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে উপজেলার সাবেক এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজ্জাম্মেল হক প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইয়াছিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে জামিনে ছিলেন তিনি। কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।’
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায় ঘোষণার পর ‘চাঁদে সাঈদীকে দেখা গেছে’—এমন গুজব ছড়িয়ে গত ৩ মার্চ বগুড়া জেলাজুড়ে তাণ্ডব চালায় জামায়াত। ওই ঘটনায় বগুড়ার শাজাহানপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার প্রধান আসামি ইয়াছিন। একই থানায় দায়ের হওয়া নাশকতার আরেকটি মামলারও আসামি তিনি।
নাশকতার অভিযোগে ইয়াছিনের বিরুদ্ধে বাকি তিনটি মামলা হয়েছে বগুড়া সদর থানায়। এসব মামলায় এত দিন গ্রেপ্তার এড়িয়েছেন তিনি।
গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম আলোতে ‘ছি ছি, ওসি’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, জামায়াত নেতা ইয়াছিনের কাছ থেকে শাজাহানপুর থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জমি ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিদান হিসেবে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় একই থানায় মামলা দায়ের ১০ মাস পার হলেও প্রধান আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করেনি পুলিশ। এমনকি তাঁর বিরুদ্ধে পুলিশ তখন পর্যন্ত মামলার অভিযোগপত্রও দেয়নি। ওই প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।