পুলিশকে ঘুষের প্রস্তাব, চার চোর গ্রেপ্তার
পুলিশকে ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়ে ফেঁসে গেছেন গ্রিল কাটা চোর চক্রের চার সদস্য। গত সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চার চোর হলেন আমির হোসেন, আলী আক্কাস, বিল্লাল হোসেন ও সুমন। তাঁদের মধ্যে আমির হোসেন প্রাইভেট কারের চালক। তিনি মালিকের অগোচরে মধ্যরাতে চট্ট মেট্রো-১১-গ-৭৭৪০ নম্বরের গাড়িটি চুরির কাজে ব্যবহার করেন। গাড়িটি পুলিশ জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে গ্রিল কাটা চোর চক্রের চার সদস্য লালখান বাজারের ৪৯ চারমারি সড়কের একটি দোকানের শাটার কেটে চুরির চেষ্টা করেন। এ সময় টহল পুলিশ ওই সড়কের দিকে যায়। চোরেরা পুলিশ দেখে পাঁচ-ছয় হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। এ সময় পুলিশের এক সদস্য ২০ হাজার টাকা দাবি করেন। তখন আমির হোসেন ওই প্রস্তাবে রাজি হয়ে একটু সময় চান। তখন টহল পুলিশ সদস্যদের সন্দেহ হয়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল হাবীব ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘চোরেরা কিছু বলার আগেই ঘুষের প্রস্তাব দেন। এরপর আমাদের এক সদস্য ঘুষের অঙ্ক বাড়ানোর কথা বললে তাতে সায় দেন চোরেরা। এরপর আমাদের সন্দেহ হয়। তখন আমরা আশপাশের দোকানপাট দেখছিলাম। এতে একটি দোকানের শাটার কাটা দেখে তাঁদের গ্রেপ্তার করি।’