পুলিশকে ঘেরাও করে শিবিরের হামলা, সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের খড়খড়ি এলাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার পুলিশকে চারদিক থেকে ঘিরে হামলা চালিয়েছে শিবির। এ সময় সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সাঁজোয়া (এপিসি) যান ঘটনাস্থলে পৌঁছালে শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২৪ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবিরের নাশকতার আশঙ্কায় গতকাল সকাল থেকে পুলিশ নগরের খড়খড়ি বাইপাস চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। সকাল সোয়া নয়টার দিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা চারদিক থেকে মিছিল বের করে পুলিশকে ঘেরাও করে হামলা চালান। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ১০-১২টি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
তাঁদের হামলায় মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) প্রলয় চিসিমের গাড়ির কাচ ভেঙে যায়। তবে ওই সময় তিনি
গাড়িতে ছিলেন না। ভাঙা কাচের আঘাতে ওই গাড়ির চালক এবং বোমা ও ইটপাটকেলের আঘাতে আরও চার পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ দুই শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিন্তু চারপাশ থেকে ঘিরে ধরায় পুলিশের বের হওয়ার কোনো রাস্তা ছিল না। একপর্যায়ে পুলিশ বেকায়দায় পড়ে যায়।
খবর পেয়ে সংঘর্ষ শুরু হওয়ার ১০ মিনিট পর পুলিশের উপকমিশনার (পশ্চিম) তানভীর হায়দার ও নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও দুই প্লাটুন পুলিশসহ ঘটনাস্থলে আসেন। এর পরপরই পুলিশের এপিসি সেখানে পৌঁছালে শিবিরের কর্মীরা পালিয়ে যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্যবিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেন, পুলিশের গুলিতে তাঁদের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) আবু সালেহ মো. শাহ গোলাম মাহমুদ বলেন, শিবির হামলা করবে, এ তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। এ কারণে খড়খড়ি এলাকায় দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিনি আরও বলেন, সাধারণত দুই প্লাটুন পুলিশই একটা পরিস্থিতি মোকাবিলা করতে পারে। কিন্তু সেখানে হাটের মানুষের সঙ্গে মিশে গিয়ে শিবির পুলিশের ওপর হামলা চালায়। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে পুলিশ যথাযথ জবাব দিতে পারেনি। পরে আরও দুই প্লাটুন পুলিশ ও এপিসি পাঠানো হয়। পুলিশ অভিযান চালিয়ে জামায়ত-শিবিরের ২৪ নেতা-কর্মীকে আটক করেছে।