পুলিশকে চাঁদা দিয়ে চলছে অবৈধ যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে চাঁদা দিয়ে গাইবান্ধার বিভিন্ন রুটে অবৈধ যানবাহন চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এগুলোর মধ্যে কোনোটির রোড পারমিট, কোনোটির ফিটনেস নেই। স্থানীয়ভাবে এগুলো ভটভটি, নছিমন, করিমন, পাওয়ার টিলার ও ট্রাক্টর নামে পরিচিত।গাইবান্ধা বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক মিজানুর রহমান জানান, রোড পারমিট ছাড়া যানবাহন চলাচল বেআইনি। কিন্তু অবৈধ যানবাহনের মালিকেরা রোড পারমিট কিংবা গাড়ির রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএ অফিসে আসেন না। তিনি বলেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক জি এম চৌধুরী অভিযোগ করেন, পুলিশের সঙ্গে অলিখিত চুক্তির মাধ্যমে এসব অবৈধ যানবাহন চালানো হচ্ছে।ফুলছড়ি উপজেলার ফজলুপুর গ্রামের টেম্পো চালক রোস্তম মিয়া (১৭) বলেন, ‘এগল্যা চালানো অবৈদ হলে কী হবে। হামরা গরিব মানুষ। নেকাপড়া করি নাই বলি চাকরি হয় নাই। তাই টেমপু চলব্যার নাগচি।’গাইবান্ধা মোটরযান পরিদর্শক আরও জানান, রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের জন্য পাঁচ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর জন্য ৫০০ টাকা জরিমানার বিধান রয়েছে। লাখ লাখ টাকা ভর্তুকি দিয়ে কৃষিকাজের জন্য ট্রাক্টর আমদানি করা হয়েছে। কিন্তু তা দিন-রাত মালামাল পরিবহনকাজে ব্যবহার করা হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোন্নাফ আহমেদ বলেন, কৃষিকাজ ছাড়া সাধারণ পরিবহনকাজে এগুলোর ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ।গাইবান্ধা পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্যসচিব জিয়াউল হাফিজ বলেন, ৭০ ডেসিবল পরিমাণ শব্দ মানুষের জন্য সহনীয়। কিন্তু এসব যানবাহন ১২০ থেকে ১৩০ ডেসিবল শব্দ করে থাকে। ফলে মানুষের শ্রবণশক্তির ক্ষতি করছে।নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার কুপতলা গ্রামের পাওয়ার টিলার একজন মালিক বলেন, পুলিশকে যানবাহনপ্রতি মাসিক ৩০০ টাকা চাঁদা দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। নুরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য এসব যানবাহনের চালকের কাছ থেকে মাসিক চাঁদার টাকা নিয়ে থাকেন।অভিযোগ আছে, নুরুল ইসলাম ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের সময় সাদা পোশাকে যানবাহন থেকে চাঁদা আদায়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ অভিযোগে সম্প্রতি তাঁকে শহরের অদূরে বালাসি নৌপুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।গাইবান্ধা ট্রাফিক পরিদর্শক জসিম উদ্দিন এই অভিযোগে বদলির কথা স্বীকার করেন। অপর দিকে বালাসিতে বদলি হয়েও নুরুল ইসলাম সাদা পোশাকে চাঁদা আদায় করছেন। এই চাঁদার টাকা পুলিশের কনস্টেবল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি বিভিন্ন পর্যায়ে ভাগবাটোয়ারা হয়ে থাকে। নুরুল ইসলাম চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট আমিনুল ইসলাম বলেন, কোনো ট্রাফিক পুলিশ চাঁদা নেয় কি না জানি না। এমন অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গাইবান্ধার পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, অবৈধ যানবাহন থেকে পুলিশের চাঁদা আদায় ও ভাগবাটোয়ার অভিযোগ ভিত্তিহীন।