পুলিশকে চাঁদা দিয়ে চলছে প্যারেড মাঠের ফুটপাতে ইট-বালুর ব্যবসা!
চট্টগ্রাম নগরের সিরাজদ্দৌলা সড়কে প্যারেড মাঠের পূর্বপাশের প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্যের ফুটপাত গত এক যুগ ধরে ইট-বালু ব্যবসায়ীদের দখলে। সড়কে ট্রাক ও ঠেলাগাড়ি দাঁড় করিয়ে চলে ইট-বালু ওঠানো-নামানোর কাজ। পথচারীরা হাঁটেন মাঝ সড়কে। ব্যবসায়ীদের দাবি, পুলিশকে নিয়মিত চাঁদা দিয়েই তাঁরা ফুটপাতে ইট-বালুর ব্যবসা করে আসছেন। গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ফুটপাতসংলগ্ন বিদ্যুতের খুঁটিকে সীমানা নির্ধারক ধরে পুরো ফুটপাতটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন আটজন দখলকারী। ফুটপাতজুড়ে রাখা আছে বালু আর ইট। ফুটপাতে দাঁড়িয়েই চলছে ক্রেতাদের সঙ্গে দরদাম। এতে সিরাজদ্দৌলা সড়কের বিস্তীর্ণ এলাকা ধুলোবালিতে সয়লাব হয়ে গেছে। এলাকা ঘুরে দেখা গেছে, একটু দূরেই চকবাজার নৈশ ডাকঘরের সামনের রাস্তার একাংশ দখল করে দাঁড় করিয়ে রাখা হয়েছে সারি সারি ঠেলাগাড়ি। বিক্রির পর ক্রেতার ঠিকানায় ইট-বালু পৌঁছে দিতে এসব ঠেলাগাড়ি ব্যবহূত হয়। দিনের বিভিন্ন সময় ইট-বালু বহনকারী ট্রাক ফুটপাতসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকে। পুলিশ ও চট্টগ্রাম সিটি করপোরেশন মাঝে-মাঝে অভিযান চালিয়ে ফুটপাত দখলকারীদের সরিয়ে দেয়। দুই-এক দিন পরই আবার দখল হয়ে যায় ফুটপাতটি। মাস তিনেক আগে একবার উচ্ছেদের পর আবার দখল হয়ে গেছে ফুটপাতটি। তবে দায়সারাগোছের উচ্ছেদ অভিযানের ফলে ফুটপাত দখল হয় বলে অভিযোগ পাওয়া গেছে। কারণ, অভিযানে কোনো ঠেলাগাড়ি জব্দ করা হয় না। ব্যবসায়ীদের বিরুদ্ধেও মামলা হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বালু ব্যবসায়ী বলেন, ‘পুলিশকে প্রতি মাসে দুই দফায় চাঁদা দিতে হয়। কোতোয়ালি থানার দালাল প্রতি সপ্তাহে প্রতিজনের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা নিয়ে যায়। আবার টহল পুলিশকে প্রতি মাসে দিতে হয় ৮০০ টাকা করে। ’ফুটপাতের বালুবিক্রেতা সানি প্রথম আলোকে বলেন, ‘বালি আনা হয় ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থেকে আর ইট আসে সাতকানিয়া ও ফটিকছড়ি থেকে। পুলিশকে নিয়মিত চাঁদা দিয়ে ব্যবসা করি। তাই কোনো সমস্যা হয় না।’আরেক বালুবিক্রেতা জাফর আলম বলেন, ‘প্রায় এক যুগ ধরে এখানে ব্যবসা করছি। আপনি বালি কিনলে ট্রাক-ঠেলাগাড়ি আমরা ঠিক করে দিতে পারব।’ ফুটপাত দখল করে ইট-বালু বিক্রি করায় পথচারীদের কোনো সমস্যা হয় না বলে দাবি করেন জাফর। চাঁদা আদায়ের প্রসঙ্গে নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘আপনার অভিযোগ আমি পুরোপুরি উড়িয়ে দেব না। থানার কেউ চাঁদা নেয় কি না তা খোঁজ নিয়ে দেখব। গত রমজানে দখলদারদের উচ্ছেদ করেছিলাম। সুযোগ পেয়ে আবার দখল নিয়েছেন। অবিলম্বে তাঁদের উচ্ছেদ করা হবে।’