পুলিশকে চালকের মারধর অটোরিকশা চলাচল বন্ধ
মাগুরা শহরে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলম নামের ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করে গুরুতর আহত করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর পুলিশ ওই অটোরিকশাচালককে খুঁজতে অভিযান শুরু করলে শহরে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বিকেল পর্যন্ত পুলিশ ৯০টি অটোরিকশা জব্দ করে।
পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে ট্রাফিক পুলিশের সদস্য জাহাঙ্গীর আলম শহরের ঢাকা রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় এলোমেলোভাবে ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড় করে রাখায় যানজট সৃষ্টি হলে জাহাঙ্গীর আলম চালকদের সরে যেতে বলেন। অটোরিকশার চালকেরা তাঁর নির্দেশ অমান্য করলে তিনি তাঁর হাতে থাকা লাঠি দিয়ে একটি অটোরিকশায় আঘাত করেন। এরপর ওই অটোরিকশার চালক তাঁকে মারধর করে গুরুতর আহত করেন। তাঁর কান দিয়ে রক্ত বের হতে থাকে। পরে অচেতন অবস্থায় জাহাঙ্গীর আলমকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পুলিশ ওই অটোরিকশার চালককে খুঁজতে অভিযানে নামলে শহরে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল বিকেলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালনকালে এ ধরনের ঘটনা ঘটা খুবই দুঃখজনক। ওই পুলিশ সদস্যের আঘাত গুরুতর। পুলিশ এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তাঁরা ওই অটোরিকশাচালককে খুঁজছেন।
মাগুরা ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ যান। এই যান চলাচল করায় শহরে ট্রাফিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। তারপরও তারা নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে অটোরিকশা চলতে দিয়েছেন।
ওসি বলেন, ‘এরা সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে। ওই অবৈধ যান যাতে আর চলাচল না করতে পারে আমরা সেই পথ খুঁজছি। বিকেল পর্যন্ত মোট ৯০টি অটোরিকশা আটক করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা শহরে ও শহরতলিতে সাত শতাধিক অটোরিকশা চলাচল করে। তবে অটোরিকশা চালকদের কোনো সমিতি নেই। কে ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারধর করেছেন জানতে চাইলে এ ব্যাপারে শহরের কোনো অটোরিকশাচালক মন্তব্য করতে রাজি হননি।