পুলিশকে চিঠি লিখে মামলা 'ডিসমিস' চান রাগীব আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোকদ্দমাটি নিষ্পত্তি করার পদক্ষেপ নেওয়া আবশ্যক। অন্যথায় ইহা আদালত অবমাননা হবে।’ সিলেটে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে পলাতক আসামি রাগীব আলী তাঁর বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে এমন ভাষায় চিঠি লিখে দ্রুত নিষ্পত্তি ও চূড়ান্ত প্রতিবেদন চেয়েছিলেন।
২০১০ সালের ১০ জুন এই চিঠিটি লেখেন রাগীব আলী। তখন মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সিলেটের কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম।
চিঠিটির শেষাংশে বলা হয়েছে, ‘...অবস্থাধীন প্রার্থনা যে, অত্র দরখাস্তের সঙ্গে দাখিলকৃত কাগজাতের আলোকে অত্র মোকদ্দমায় অবিলম্বে চূড়ান্ত রিপোর্ট দাখিল করিয়া তাহা নিষ্পত্তির (ডিসমিস করানোর) ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়।’
দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার দুটি মামলায় আসামি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত আগস্ট মাসে পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা ভারতে পালিয়ে যান।
সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে গত বৃহস্পতিবার রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার সাক্ষ্য দিতে গিয়ে পুলিশকে প্রভাবিত করতে রাগীব আলীর স্বাক্ষরসংবলিত চিঠির কপি দাখিল করেন বর্তমান তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিলেটের পরিদর্শক দেওয়ান আবুল হোসেন।
আদালতের জিআর (সাধারণ রেজিস্ট্রার) শাখা সূত্র জানায়, রাগীব আলীর চিঠিটি অতীতে মামলার তদন্তকে প্রভাবিত করার আলামত হিসেবে গতকাল রোববার আদালতে নথিভুক্ত করা হয়েছে। চিঠিটির সঙ্গে আদালতে পিবিআই পরিদর্শকের সাক্ষ্য জবানবন্দি আকারে লিপিবদ্ধ করা হয়।
আদালতে দাখিল করা রাগীব আলীর চিঠিটি কম্পিউটারে কম্পোজ করা। ঢাকার গুলশানের (বাড়ি নম্বর ৬, সড়ক নম্বর ৭৬, থানা গুলশান) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালবাজার, তালিবপুরের ঠিকানা ব্যবহার করা হয়েছে। চিঠিতে ‘প্রার্থনা’ ও ‘আবেদন’ জানানোর ভাষা ব্যবহার করা হলেও তাঁর বিরুদ্ধে তদন্তাধীন মামলা দুটো চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর ‘ডিসমিস’ করার বিষয়টি অনেকটা নির্দেশের সুরে উল্লেখ করা।
জালিয়াতি করে ভূমি আত্মসাতের অভিযোগে সংসদীয় কমিটির নির্দেশে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী ও তাঁর ছেলেকে আসামি করে মামলা করলে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা নিষ্পত্তি করে।
গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে ওই মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালত এক আদেশে পিবিআই পুনরায় তদন্ত করার নির্দেশ দিলে ১০ জুলাই রাগীব আলী ও তাঁর ছেলেকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১০ আগস্ট তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই রাগীব আলী ছেলেকে নিয়ে পালিয়ে ভারতে চলে যান। এ অবস্থায় তাঁদের অনুপস্থিতিতে ১৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়েছে।
আদালত সূত্র জানায়, এ মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে তদন্তকারী কর্মকর্তাসহ ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।
আসামি তাঁর বিরুদ্ধে মামলা ডিসমিস করতে দরখাস্ত দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মন্তব্য করছেন মামলা পরিচালনায় থাকা সরকারি কৌঁসুলিরা। মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, যেহেতু মামলাটি ইতিপূর্বে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি (ডিসমিস) করেছিল, তাই এর পেছনে দরখাস্তটি প্রভাবিত করার বড় একটি প্রমাণ।
পিবিআই পরিদর্শক দেওয়ান আবুল হোসেন তদন্তের সময় চিঠিটির কপি উদ্ধার করে আদালতে দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মামলাটির তৎকালীন এসআই খোরশেদ আলম বর্তমানে কোতোয়ালি থানায় নেই। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।