রাজধানীতে বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটেদের তথ্য সংগ্রহ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে ভাড়াটেদের তথ্য পুলিশকে দিতে হবে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই রিট আবেদন খারিজ করেন। ৮ মার্চ এই রিট আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
আদেশের পর জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, আদালত আদেশে বলেছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিধিমালা, ২০০৬ অনুসারে পুলিশ এ তথ্য সংগ্রহ করছে। আদেশের অনুলিপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩ মার্চ হাইকোর্টে জ্যোতির্ময় বড়ুয়া নিজে এই রিট আবেদনটি করেন।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য সংগ্রহের এ কাজ শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক পৃষ্ঠার যে ফরম ভাড়াটেদের পূরণ করতে দেওয়া হচ্ছে, সেখানে ছবির পাশাপাশি তাঁদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্মতারিখসহ বাসার বাসিন্দা এবং গৃহকর্মী ও গাড়িচালকের তথ্য চাওয়া হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, ১৫ মার্চের (কাল মঙ্গলবার) মধ্যে বাড়ির মালিক, ভাড়াটেসহ নগরবাসীর তথ্য সরবরাহ করা সব ফরম পূরণ করে থানায় জমা দিতে হবে। এসব তথ্য হালনাগাদ করে একটি ডেটাবেজে রাখা হবে।