পুলিশকে দায়ী করেছে বিএনপির তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও লক্ষ্মীপুরে চারদলীয় জোটের গত ২৯ জানুয়ারির গণমিছিলে গুলি এবং চারজনের প্রাণহানির ঘটনার জন্য পুলিশের অসহিষ্ণু আচরণকে দায়ী করেছে বিএনপির গঠিত নাগরিক তদন্ত কমিটি। কমিটি বলছে, পুলিশ সেদিন বিনা উসকানিতে মিছিলে গুলিবর্ষণ করে। এতে চাঁদপুরে দুজন ও লক্ষ্মীপুরে দুজন বিরোধী দলের কর্মী নিহত হন।কমিটি প্রতিবেদনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য পুলিশসহ দায়ী অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়াসহ কয়েকটি সুপারিশ করেছে।নাগরিক তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সদস্য এ কে এম হাফিজুর রহমান, এম এ মান্নান ও সদস্যসচিব জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। ৩০ জানুয়ারি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চার সদস্যের এই কমিটি গঠন করেন।কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের গুলি ও রাবার বুলেট নিক্ষেপে বিরোধীদলীয় অনেক নেতা-কর্মী আহত হন। ওই দিন চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিরোধী দলের গণমিছিল ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা লাঠিসোঁটা কিংবা কোনো ধরনের অস্ত্র বহন করেননি। মিছিলকারীদের বিরুদ্ধে স্থানীয় দোকানপাট ও যানবাহন ভাঙচুর কিংবা ক্ষতিসাধন করারও অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার দায় এড়ানোর জন্যই পুলিশ গুলিবর্ষণের কথা কয়েক দিন পর অস্বীকার করেছে। কমিটি যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে তাতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন। ঘটনার পর দাবি ছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে সরকার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে। কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশ তথা ডিআইজির নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পুলিশের গুলিতে হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যই তা করা হয়েছে বলে নাগরিক কমিটি মনে করে।কমিটির সুপারিশে বলা হয়, এ ঘটনায় নিহত ব্যক্তিদের পক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। বর্তমানে এটি তদন্তের অপেক্ষায় আছে। তদন্ত যাতে নিরপেক্ষ হতে পারে, সে জন্য যেসব পুলিশ কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে চাঁদপুর ও লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্যান্য দায়ী কর্মকর্তাকে তদন্তের স্বার্থে অবিলম্বে অন্যত্র বদলি করার সুপারিশ করা হয়।প্রতিবেদনে ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের কথা উল্লেখ করা হয়।