পুলিশকে দেখে নেওয়ার হুমকি মহিলা ভাইস চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ নেওয়ায় গতকাল বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার হাওয়া বেগম এবং একই এলাকার আবদুল আজিজ গতকাল বিকেলে থানায় আলাদাভাবে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, তাঁদের মালিকানাধীন একটি জমিতে গতকাল দুপুরে হামলা চালান ফাতেমা মনিরের ছেলে ফাহিম ও তাঁর ১০-১২ জন সহযোগী। তাঁরা ওই জমির সীমানা দেয়াল ভাঙচুর করেন।খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির থানায় গিয়ে কর্তব্যরত কর্মকর্তা এসআই হেদায়েতের কাছে ফাহিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চান এবং অভিযোগের কাগজ দেখতে চান।এসআই হেদায়েত অভিযোগ করেন, ‘ফাতেমা তাঁর ছেলের বিরুদ্ধে কেন অভিযোগ নেওয়া হলো, তার কৈফিয়ত চান। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তখন অপর এসআই আতাউর রহমান এগিয়ে গেলে তিনি তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। তিনি আমাদের দেখে নেওয়ার হুমকি দেন।’ তবে ফাতেমা মনির দাবি করেন, দাপা ইদ্রাকপুর এলাকায় তাঁর দেবর ফারুক ৫ শতাংশ জমি কিনেছেন। ওই জমি নিয়ে বিরোধ থাকায় সেখানে কোনো স্থাপনা তৈরিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আবদুল আজিজ ও হাওয়া বেগম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে নির্মাণকাজ চালাচ্ছেন। কে বা কারা ওই জমির সীমানা দেয়াল ভেঙেছে, তা তিনি জানেন না।পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে ফাতেমা মনির বলেন, তদন্ত ছাড়াই তাঁর ছেলের বিরুদ্ধে কেন অভিযোগ নেওয়া হলো, তা তিনি জানতে চেয়েছিলেন এবং অভিযোগের কাগজ দেখতে চান। কিন্তু ওই কর্মকর্তা তা দেখাতে অস্বীকৃতি জানালে তিনি তাঁকে গালমন্দ করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এসআই আতাউর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।