পুলিশকে ধরতে পুলিশি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগামী ট্রেনে রেলওয়ে পুলিশের (জিআরপি) বিরুদ্ধে আসন-বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে ট্রেনে ট্রেনে তল্লাশি শুরু হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ গত শনিবার রাতে এ অভিযান শুরু করে। ওই রাতে পার্বতীপুরে দ্রুতযান ও একতা এক্সপ্রেসে অভিযান চালানো হয়।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার দেওয়ান লালন আহমেদ প্রথম আলোকে বলেন, আসন-বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনে ট্রেনে তল্লাশি শুরু হয়েছে। প্রতিটি ট্রেনে পুলিশের একটি চৌকস দল তল্লাশি অব্যাহত রাখবে। ঈদুল ফিতরের আগে-পরে সমানভাবে এ অভিযানচলবে । ঈদে ঘরমুখী যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানি ও বিড়ম্বনায় না পড়েন, সে জন্য ওই অভিযান। তবে তল্লাশির প্রথম দিন রেল পুলিশের বিরুদ্ধে আসন-বাণিজ্যের অভিযোগের সত্যতা মেলেনি। এমন ঘটনায় কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার পর্যন্ত এক সপ্তাহে অন্তত ১০ জন যাত্রী অভিযোগ করেছেন, রেল পুলিশ বিভিন্ন ট্রেনে প্লাস্টিকের চেয়ার পেতে বিনা টিকিটের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিচ্ছে। সৈয়দপুর থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান ও একতা এক্সপ্রেস এবং সৈয়দপুর-খুলনা পথের রূপসাসহ বিভিন্ন ট্রেনে আসন-বাণিজ্য চলছে।
আন্তনগর ট্রেনগুলোর বেশ কয়েকজন যাত্রী পুলিশের আসন-বাণিজ্যের বিষয়টি সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশকে জানিয়েছেন। অভিযোগে বলা হয়, অর্ধেক টাকায় পুলিশের কাছ থেকে চেয়ারের আসন সংগ্রহ করা যায়। আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেসের যাত্রী চিকিৎসক নাজমুল ইসলাম অভিযোগ করেন, গত শুক্রবার ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর জংশনে এলে জিআরপির কয়েকজন সদস্য ব্যস্ত হয়ে ওঠেন। তাঁরা বিনা টিকিটের যাত্রীদের টাকার বিনিময়ে প্লাস্টিকের চেয়ারের আসন দেন। ওই চেয়ারে বসে একাধিক যাত্রী বিনা টিকিটে তাঁদের গন্তব্যে যান।