পুলিশের দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে ‘মনগড়া’ অভিহিত করেছেন বাংলাদেশ পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। তিনি বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং পুলিশ ও বিচার বিভাগকে হেয়প্রতিপন্ন করতেই জরিপের নামে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি।গত শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি নুরুজ্জামান এ কথা বলেন।গাজীপুরের পুলিশ সুপার বলেন, সাত-আট লাখ জনসংখ্যার জেলাগুলোতে যে পরিমাণ পুলিশ আছে, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুরেও একই পরিমাণ পুলিশ রয়েছে। গাজীপুরের সাড়ে সাত হাজার শিল্প-কারখানার দু-তিনটিতে প্রতিদিন আন্দোলন ও ভাঙচুরের ঘটনা ঘটে। জেলার তিনটি মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে ১৮ জন ভিআইপি যাতায়াত করেন। এসব দায়িত্ব পালনের জন্য আলাদা পুলিশ সদ্য নেই। এই অবস্থায়ই এ জেলার পুলিশকে কাজ করতে হচ্ছে।