পুলিশকে পিটিয়ে টাকা ও ফোনসেট ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার ভোরে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে তাঁর নগদ টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যের নাম মইন উদ্দিন (৩৮)। তিনি নগরের বোয়ালিয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামে। তাঁর মাথায় ৫২টি সেলাই দেওয়া হয়েছে। ডান হাত ও দুই হাতের আঙুলগুলো ভেঙে গেছে।
মইন উদ্দিন গতকাল দুপুরে হাসপাতালে বলেন, তিনি দায়িত্ব পালন শেষে সেহ্রির সময় মোটরসাইকেলযোগে ক্ষুদ্র জামিরা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। শ্যামপুর এলাকায় ফল গবেষণা কেন্দ্রের কাছাকাছি গেলে দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। তারা তাঁকে বেধড়ক পেটাতে থাকে। তারা তাঁর পকেট থেকে নগদ দুই হাজার টাকা ও দুটি মুঠোফোন বের করে নেয়।
খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তাঁরা তাঁদের গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, এটা ছিনতাইয়ের ঘটনা নয়। মইন উদ্দিনের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর লোকজন তাঁর ওপরে এ হামলা করেছে।