পুলিশকে পিটিয়ে টাকা-মোবাইল লুট
রাজশাহীতে আজ বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের এক সদস্যকে পিটিয়ে তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যের নাম মঈন উদ্দিন (৩৮)। তিনি নগরের বোয়ালিয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। বাড়ি জেলার পুঠিয়া উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামে।
দুপুরে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ভোররাতে ডিউটি শেষ করে তিনি মোটরসাইকেলে চড়ে ক্ষুদ্র জামিরা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। তখন সেহেরির সময় হয়ে এসেছে। নগরের শ্যামপুর এলাকায় ফল গবেষণাকেন্দ্রের কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে গতিরোধ করে। তারা তাঁকে বেধড়ক পেটাতে থাকে। তাঁর পকেট থেকে দুই হাজার টাকা ও দুটো মোবাইল সেট বের করে নিয়ে নেয়।
পুলিশের এই সদস্যের দাবি, দুর্বৃত্তরা তাঁকে পেটাতে পেটাতে রাস্তা থেকে টেনে আখখেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাশের বাড়ি থেকে এক গৃহবধূ দেখতে পেয়ে চিত্কার শুরু করে। তখন দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। তবে তাঁরা মোটরসাইকেলটি নিতে পারেনি। খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে তাঁদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান।
মঈন উদ্দিনের মাথায় ৫২টি সেলাই দেওয়া হয়েছে। ডান হাত ও দুই হাতের আঙুল ভেঙে গেছে।
নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, ডিউটি শেষে অস্ত্র জমা দিয়ে মঈন উদ্দিন সাদা পোশাকে বাসায় যাচ্ছিলেন। তিনি বলেন, এটা ছিনতাইয়ের ঘটনা নয়। তাঁর দুই স্ত্রী। প্রথম স্ত্রীর লোকজন তাঁর ওপর এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন।