পুলিশকে পিটিয়ে ডাকাত ছিনিয়ে নিল সহযোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণলাল ঘোষকে পিটিয়ে ‘ডাকাত সর্দার’ সাইদুরকে ছিনিয়ে নিয়েছে তাঁর সহযোগীরা। গত মঙ্গলবার রাতে উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি অপহরণ মামলায় তদন্ত করতে এসআই কৃষ্ণলাল ঘোষ একদল পুলিশ নিয়ে মনকাশাই গ্রামে যান। এ সময় তাঁরা সাইদুরকে দেখতে পেয়ে তাঁকে গ্রেপ্তার করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন। সাইদুরকে আটকের পর তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এসআই কৃষ্ণলাল ঘোষসহ পুলিশের অন্য সদস্যরা আহত হন। পরে সহযোগীরা সাইদুরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। খবর পেয়ে পুলিশ পুরো এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ হাফেজ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে। কসবা থানার এসআই সুমন কুমার আদিত্য জানান, সাইদুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮-১০টি ডাকাতির মামলা রয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, এ ঘটনায় এসআই কৃষ্ণলাল ঘোষ সাইদুরকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। এ ছাড়া গ্রেপ্তার হাফেজকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।