পুলিশকে প্রতিবেদন দাখিলের র্নিদেশ
ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির উদ্দেশে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামছুল আরেফিন এই আদেশ দেন।
গতকাল এই মামলায় প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত পরে তারিখ ধার্য করেন। গত বছরের ২১ অক্টোবর আদালতসংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। এ সময় তিনি আওয়ামী লীগের কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।
জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২১ অক্টোবর বাদী হয়ে দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় মামলাটি করেন।