পুলিশকে প্রতিবেদন দিতে বললেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমসি কলেজে দা, রড উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়ার ঘটনায় তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিলেট মহানগর পুলিশকে নির্দেশ দিয়েছেন সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো।
ফৌজধারী কার্যবিধির ১৮৮৯-এর ২৫ ধারার ক্ষমতাবলে বিচারিক হাকিম গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতের রেজিস্ট্রার দপ্তর আদেশের বিষয়টি নিশ্চিত করেছে। আদেশে গতকাল প্রথম আলোর ৫-এর পাতায় প্রকাশিত ‘দা উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়টি উল্লেখ করে বলা হয়, এতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। প্রকাশিত এই খবরে জনমনে এবং ঘটনাস্থল এমসি কলেজের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ভীতি ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
আদেশে আরও বলা হয়, সিলেট এমসি কলেজ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা বারবার জাতীয় পত্রিকার শিরোনাম হচ্ছে। এই ঘটনা জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি চরম হুমকিস্বরূপ। উল্লেখিত কারণে ও অবস্থার পরিপ্রেক্ষিতে পত্রিকায় প্রকাশিত ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কারা, কীভাবে দায়ী তা শনাক্তপূর্বক সংঘটিত ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন মনে করি। বিধায় প্রথম আলো পত্রিকায় বর্ণিত সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি উপযুক্ত তদন্ত করে পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করতে বলা হলো।
আদেশে ঘটনার তদন্ত অতিরিক্ত পুলিশ কমিশনারের নিচের কোনো পদের কর্মকর্তাকে দিয়ে না করতে নির্দিষ্ট করে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মহানগর হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী যেকোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন।
জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় ১২ বছর পর সিলেটের এমসি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করে গত সোমবার সকালে ক্যাম্পাসে মিছিল করার প্রস্তুতি নেয়। বেলা ১১টায় ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে মিছিল করার সময় ছাত্রলীগ ধাওয়া দেয়। ধাওয়া করার সময় ছাত্রলীগের কর্মীদের হাতে দা, রডসহ দেশীয় অস্ত্র দেখা গেছে।
কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
ছাত্রদলকে ধাওয়া করতে দা, রড ও হকিস্টিক হাতে প্রকাশ্যে দেখা গেলেও মহানগর পুলিশের শাহপরান থানা-পুলিশ গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, দা, রড ও হকিস্টিক হাতে ১১ জনকে অংশ নিতে দেখা গেছে। এর মধ্যে এমসি কলেজের বাইরে ছিল সাতজন, ভেতরে চারজন।
শাহপরান থানায় গতকাল বিকেলে যোগাযোগ করলে এ ঘটনায় থানায় ছাত্রদলের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় কোনো মামলা হয়নি বলে জানান থানার ওসি শাহজালাল মুন্সি। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে জানিয়ে ওসি বলেন, দা, রড নিয়ে ধাওয়াকারীদের তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে।