পুলিশকে ফাঁকি দিয়ে শিবিরের মিছিল
পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারও নগরে মিছিল করেছে ছাত্রশিবির। নীলফামারীতে ছাত্রশিবিরের নেতা হত্যার প্রতিবাদে চট্টগ্রাম স্টেশন রোডে গতকাল শনিবার দুপুরে হঠাৎ করে মিছিল করে। এরপর দ্রুত ওই এলাকা ত্যাগ করে।পুলিশ সূত্র জানায়, নীলফামারীর শিবির নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামেও শিবির কর্মসূচি পালন করবে এমন খবর সকালেই পেয়ে যায় পুলিশ। ছাত্রশিবিরও সকাল থেকে সমাবেশের লক্ষ্যে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করে।জানা যায়, গতকাল দুপুরে নগরের পুরাতন রেলস্টেশন চত্বর থেকে ছাত্রশিবিরের অন্তত ২০০ নেতা-কর্মী মিছিল শুরু করেন। এ সময় তাঁরা ব্যানারও ব্যবহার করেন। মিছিলটি বিআরটিসি মার্কেটের সামনে আসার পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক ফয়সাল মুহাম্মদ ইউনুচ।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রশিবির যাতে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে না পারে সে জন্য আমরা নগরের বিভিন্ন স্থানে কৌশলগত অবস্থান নিই। এ ছাড়া শিবির-অধ্যুষিত এলাকায় অভিযানও চালানো হয়। এ জন্য শিবির এবার ভাঙচুর বা এ ধরনের কাজ করার সুযোগ পায়নি।’ চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি (উত্তর) মুহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক ভাইকে নীলফামারীতে খুন করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাতেই মিছিল করেছি। এটা কোনো অপরাধ নয়।’ ইসমাইল বলেন, ‘আমরা সংঘাত চাই না। কিন্তু পুলিশ আমাদের সংঘাতের দিকে ঠেলে দেয়।’